ঢাকার সাভারে শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে সভাপতির বক্তব্যে হেফাজত ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, ‘দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত শাপলা জেনোসাইডের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার এখনো সম্পন্ন না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশের জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে শাপলা জেনোসাইডের প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

মুফতি আবদুল্লাহ ফিরোজী ও মুফতি মাহমুদ হাসান হাবিবীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হেফাজত ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি আব্দুল বারী, মাওলানা আব্দুল ওয়াহহাব, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি মাহমুদুল হাসান মুরতাজা, মুফতি ইবরাহীম নাঈম, মাওলানা ফয়জুল্লাহ আজমী প্রমুখ।

সমাবেশ শেষে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে বিশাল একটি মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এ সময় শাপলা চত্বরের খুনিদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews