টিকাদান কর্মসূচি শুরুর পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হাম। ক্রমেই মহামারি আকার ধারণ করছে রোগটি। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে কোমলমতি শিশুদের লাশের মিছিল। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে সারাদেশে। 

পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৪৮ জনের মধ্যে পাওয়া গেছে প্রাণঘাতী এ রোগের উপসর্গ। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক শিশুর।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে ১ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে আবার ৯০ জনের শরীরে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে রোগটি।

আগের দিন রোববার (২৬ এপ্রিল) পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। এদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে হাজির হয়েছে রেকর্ড ১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামের জীবাণু পাওয়া গেছে ১৪৩ জনের শরীরে। এছাড়া, এদিন রোগটির উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮ শিশুর। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত নিয়ে মোট ৩৮ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ জনকে। এর মধ্যে আবার নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৯৩ জন। এই সময়ে প্রাণঘাতী রোগটির উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ২৬৪ শিশু।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews