বাংলা স্বদেশি ও দেশাত্মবোধক গানের ইতিহাস, প্রভাব ও গীতিকবিদের অবদান নিয়ে প্রকাশিত হয়েছে ড. অণিমা রায়ের গবেষণাগ্রন্থ পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা। বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি এবং প্রচ্ছদ করেছেন সাইম রানা।
বাংলা একাডেমি জানায়, গ্রন্থটি বাংলা স্বদেশি ও দেশাত্মবোধক গানের ইতিহাস, প্রভাব এবং জাতীয় চেতনায় গীতিকবিদের অবদান নিয়ে রচিত একটি গবেষণাধর্মী কাজ।
স্বদেশি আন্দোলনের সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেনের স্বদেশি সংগীত বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।
অসহযোগ আন্দোলনপর্বে কাজী নজরুল ইসলামের স্বদেশি গান এ ধারায় নতুন মাত্রা যোগ করে।
বইটিতে স্বদেশচেতনার গানের বিকাশ, ব্রিটিশবিরোধী আন্দোলন এবং পরবর্তী সংগ্রামে এসব গানের ভূমিকা নিয়ে তথ্যসংকলন ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
স্বদেশপ্রেম, জাতীয় চেতনা এবং সুর-বাণীর সমন্বিত আলোচনাই গ্রন্থটির মূল উপজীব্য।
পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা গ্রন্থটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। বইটি বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক