জাপান সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাপানের প্রভাবশালী জাতীয় দৈনিক ‘মাইনিচি শিম্বুন’-কে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন। সোমবার (৪ মে) টোকিওতে নেওয়া এই সাক্ষাৎকারটি মঙ্গলবার (৫ মে) বিশেষ গুরুত্বের সাথে প্রকাশ করেছে পত্রিকাটি।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতা এবং পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের অধীনে দেশে দুর্নীতি ও দুঃশাসন জেঁকে বসেছিল। ২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার ফলে দীর্ঘদিনের শাসনের পতন ঘটে। ২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জামায়াতে ইসলামী উল্লেখযোগ্য আসন লাভ করে বর্তমানে প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করছে।

ডা. শফিকুর রহমান জানান, সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করার বিষয়ে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ এর পক্ষে রায় দিয়েছে। তবে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জনগণ দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত একটি নিরপেক্ষ বিচার বিভাগ চায়। আমরা এই সংস্কারের পক্ষে থাকলেও সরকার তা বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। আমরা সংসদ ও রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনদাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাব।

সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে দৃঢ় ও সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে এখনো টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এবং ব্যাপক সাংবিধানিক সংস্কার ছাড়া তা সম্ভব নয়। দুর্নীতি, দুর্বল শাসনব্যবস্থা ও ন্যায়বিচারের অনুপস্থিতি দেশের মানুষকে গভীর সংকটে ফেলেছে।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশে এখনো কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব হয়নি। এসব সমস্যা সমাধানে জনগণের অংশগ্রহণভিত্তিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

২০১৬ সালে ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন জাপানি নাগরিক নিহত হওয়ার প্রসঙ্গটি সাক্ষাৎকারে উঠে আসে। বিগত ফ্যাসিস্ট হাসিনা প্রশাসনের আমলে জামায়াতে ইসলামীর ওপর চরমপন্থার যে কথিত যোগসূত্রের অভিযোগ তোলা হয়েছিল, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন ডা. শফিকুর রহমান।

চরমপন্থা ও উগ্রবাদ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, জামায়াতে ইসলামী সকল ধরনের উগ্রবাদের বিরোধী। দলটি সংসদের ভেতরে ও বাইরে সর্বদা গণতান্ত্রিক পন্থায় সংস্কারের দাবিতে সক্রিয় থাকবে।

বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগ প্রসঙ্গে তিনি জাপানসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন উদীয়মান খাতে জাপানি বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা তিনি সাক্ষাৎকারে তুলে ধরেন।

 





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews