ফাইনালের পথে আগেই এক পা দিয়ে রেখেছিলো আর্সেনাল। এবার ফিরতি লেগে বাকি কাজটা সেরে ফেললো মিকেল আর্তেতার দল। সেমিফাইনালের দুই লেগেই ম্যাচ জিতে লিগ কাপের ফাইনালে উঠলো আর্সেনাল। মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে লিগ কাপের সেমিফাইনালের ফিরতি লেগে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। খেলা শেষের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।
প্রথম লেগে ৩-২ গোলের জয় মিলিয়ে ৪-২ অগ্রগামিতায় শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠল তারা। গত ১৪ জানুয়ারি ঐ প্রথম লেগে ঘরের মাঠে হারের পর, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জিতেছিল চেলসি। আর্সেনালের বিপক্ষে মাঠ নেমে আবার পথ হারিয়ে ফেলল তারা। আর্সেনালের বিপক্ষে চেলসির জয়হীন পথচলা আরও দীর্ঘ হলো। এই নিয়ে টানা ১০ বারের মুখোমুখি লড়াইয়ে জিততে পারল না স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
পাঁচ বছর পর প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল আর্সেনাল। সবশেষ তারা ফাইনাল খেলেছিল ২০২০ সালে এফএ কাপ। এমিরেটসে মিকেল আর্তেতার কোচিংয়ের সেটা ছিল প্রথম মৌসুম, সেবার শিরোপাও জিতেছিল তারা।
এদিকে, স্প্যানিশ কোপা দেল রে’র শেষ ষোলো থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়ে চমক দেখিয়েছিলো আলবাসিতে। তবে কোয়ার্টার ফাইনালে এসে বার্সেলোনার কাছে থেমেছে তারা। ঘরের মাঠ কার্লোস বেলমন্তে মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে আলবাসিতে। প্রথমার্ধে লামিনে ইয়ামাল দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রোনালদ আরাউহো। শেষ দিকে হাভিয়ের মোরেনোর চমৎকার গোলে ম্যাচ জমিয়ে দিলেও, শেষরক্ষা করতে পারেনি আলবাসিতে।
ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে বার্সেলোনার আক্রমণে ছিল না চেনা ধার। বল দখলে অনেক এগিয়ে থাকলেও, খুব একটা সুযোগ তৈরি করতে পারছিল না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। রাশফোর্ডের কয়েকটি ক্রসের নাগাল পাননি রবার্ট লেভানডস্কি। ৩৯ মিনিটে ‘ডেডলক’ ভাঙ্গে সফরকারীরা। প্রতিপক্ষের রক্ষণে বল কেড়ে নেন রাশফোর্ড। তার কাছ থেকে বল পেয়ে ফ্রাংক ডি ইয়াং খুঁজে নেন ইয়ামালকে। তরুণ ফরোয়ার্ড দারুণ ভলিতে এগিয়ে নেন দলকে।
প্রতি-আক্রমণ থেকে দারুণ কিছু সুযোগ পেয়েছিল আলবাসিতে। কিন্তু প্রথমার্ধে এর কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা। আলবাসিতেকে প্রবল চাপে রাখা বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে ৫৬ মিনিটে। রাশফোর্ডের কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন আরাউহো। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অভিজ্ঞ ডিফেন্ডারের এটি তৃতীয় গোল। ৬৩ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলবাসিতের জয়ের নায়ক হেফতে বেতানকর। ৭২ মিনিটে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত বেতানকর। পাঁচ মিনিট পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আরাউহো, তার জায়গায় নামেন জুল কুন্দে।
৮৭ মিনিটে মোরেনোর দুর্দান্ত ডাইভিং হেডে ব্যবধান কমিয়ে ম্যাচে রোমাঞ্চ ফেরায় দলটি। ৯০ মিনিটে আলবাসিতের জালে বল পাঠান ফেরান তোরেস। তবে তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল আলবাসিতে। হোয়ান গার্সিয়া কোনোমতে গতি কমিয়ে দেওয়ার পর, গোললাইন থেকে ফ্রান গামেসের শট হেডে ফিরিয়ে দেন জেরার্দ মার্তিন। বাকি সময়ে নিজেদের রক্ষণ সামলে রেখে শেষ চারে জায়গা করে নেয় বার্সেলোনা।