বিবিসি বলেছে, এটি একটি ‘বড় জয়’। তারা লিখেছে, তাঁর আগের অ্যালবাম ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ ছিল একধরনের আবেগমোচন—বিচ্ছেদের পর শূন্যতায় ভরা আত্মজিজ্ঞাসা। তাদের সমালোচক মার্ক স্যাভেজ লিখেছেন, ‘গত অ্যালবামে আমরা তাঁকে পেয়েছিলাম জীবনের সবচেয়ে খারাপ সময়ে। তাতে হতাশার চিত্র ছিল স্পষ্ট। আঠারো মাস পর, চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। একদিকে ট্র্যাভিস কেলসের প্রেমে হাবুডুবু খাওয়া, অন্যদিকে রেকর্ডভাঙা ইরাস ট্যুরের ফাঁকে ফাঁকে রেকর্ড করা নতুন অ্যালবামে ৩৫ বছর বয়সী সুইফটকে পাওয়া গেছে আরও প্রাণবন্ত।’
অ্যালবামটির মুক্তি উপলক্ষে আয়োজন করা হয় পাবলিক রিলিজ পার্টি। তবে মুক্তির আগেই অ্যালবামটি পাইরেসি হয়ে যায়। এ বিষয়ে সুইফট সরাসরি মন্তব্য না করলেও তিনি একটি ভিডিওতে রিঅ্যাক্ট করেছেন, যেখানে ‘প্রিম্যাচিউর শেয়ারিং’কে অন্যায় ও অভদ্র বলে উল্লেখ করা হয়েছিল।