বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা ও যুদ্ধের আবহে তেহরানের পাশে দাঁড়িয়ে শান্তি আলোচনার আহ্বান পুনর্ব্যক্ত করেছে চীন। বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠক শেষে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চীন বিশ্বাস করে যে অবিলম্বে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য এবং পুনরায় যুদ্ধ শুরু করা কোনোভাবেই কাম্য নয়।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াং ই বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি মেনে ওই অঞ্চলে স্বাভাবিক ও নিরাপদ নৌ-চলাচল দ্রুত নিশ্চিত করা প্রয়োজন। যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজার যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিরসনে বেইজিং সব পক্ষের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে।

ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে বেইজিং তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার যে অঙ্গীকার করেছে চীন তার প্রশংসা করে। একইসঙ্গে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহারের বৈধ অধিকার ইরানের রয়েছে বলেও ওয়াং ই উল্লেখ করেন। 

উল্লেখ্য, যুদ্ধের সূত্রপাতের পর দুই মিত্র দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এটাই ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ। এই বৈঠকটি এমন একসময়ে অনুষ্ঠিত হলো যার মাত্র কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে। ফলে এই কূটনৈতিক তৎপরতাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews