বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও পাখিদের নিরাপদ বসবাস নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখা। পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করতে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় তুরাগ নদীর পার্শ্ববর্তী নির্জন স্থানে গাছের ডালে ডালে পরিবেশবান্ধব মাটির হাড়ি স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার সভাপতি অনিমেষ কুমার মজুমদার। এ সময় তিনি বলেন, নগরায়ন ও নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। একসময় ফকিরহাট বাজার সংলগ্ন বড় বড় গাছগুলো পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এসব গাছ কেটে ফেলার ফলে পাখিরা আশ্রয়হীন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, শুধু আবাসস্থল সংকটই নয়, খুদে পাখি শিকারিরাও পাখির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সহজলভ্য হওয়ায় তারা পাখির বাসা থেকে বাচ্চা সংগ্রহ করে নিয়ে যায়, ফলে পাখির বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে পাখিদের জন্য নির্জন ও নিরাপদ স্থানে কৃত্রিম আবাসস্থল তৈরি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে গাছের উঁচু ডালে মাটির হাড়ি স্থাপন করা হয়েছে, যা পাখিদের জন্য নিরাপদ বাসা হিসেবে কাজ করবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বসুন্ধরা শুভসংঘ ফকিরহাট উপজেলা শাখার সহ-সভাপতি পল্লব আচার্য বলেন, “শুভ কাজে সবার পাশে” -এই স্লোগানকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ মানুষের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ফকিরহাটের শান্তিগঞ্জ এলাকায় পাখিদের জন্য এই নিরাপদ আবাসস্থল স্থাপন একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সময় নতুন সদস্য অন্তর দাস বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময়ই মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে অনেক গাছ ভেঙে পড়েছে এবং পাখির বাসা নষ্ট হয়েছে, ফলে পাখিরা আশ্রয়হীন হয়ে পড়েছে। এমন অবস্থায় পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি করার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। 

তিনি আরও বলেন, বসুন্ধরার মতো একটি ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত।

স্থানীয় বাসিন্দা শুকুর আলী বলেন, বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন ভালো কাজের কথা তিনি আগে শুনেছেন। তবে এত নির্জন স্থানে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করতে দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন, বর্তমান নগরায়নের যুগে পাখিদের জন্য এমন নিরাপদ আশ্রয় তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় যুবক মহিউদ্দিন বলেন, পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তাদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

বিডি-প্রতিদিন/টিএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews