বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট জি. বি. রহমান সরোয়ার বলেছেন, জেল-জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের বিনিময়ে আপসহীন নেত্রী হিসেবে গড়ে উঠেছেন বেগম খালেদা জিয়া। আপসহীনতা ও শিষ্টাচারের মাধ্যমেই তিনি সর্বমহলের ভালোবাসায় দেশনেত্রী হয়েছেন।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সন্ধ্যা ৬টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।
দোয়ার আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমীন, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল