আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে জয় পেলেও ব্যাটিং ধসে ম্যাচটা প্রায় হাতছাড়া করতে বসেছিল। শেষ পর্যন্ত ক্যামিও ইনিংসে দলকে উদ্ধার করে ম্যাচ জেতান নুরুল হাসান সোহান। ম্যাচ শেষে অবশ্য উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান-ই দলীয় মানসিকতার দিকে আঙুল তুলেছেন।

শারজাতে ১৫১ রানের টার্গেটে দারুণ শুরু করেছিল টাইগাররা। এশিয়া কাপে ব্যর্থ দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন এবার ঝড়ো ফিফটিতে উড়ন্ত সূচনা এনে দেন। ১১ ওভারেই দল ছুঁয়ে ফেলে ১০০ রান। কিন্তু মাত্র ১৮ বলের ব্যবধানে বাংলাদেশ হারায় পাঁচ উইকেট। ১০৯/০ থেকে একসময় স্কোরবোর্ড দাঁড়ায় ১১৭/৫! ধসটা নামান আফগান লেগ স্পিনার রশিদ খান। এরপর তানজিম সাকিবও আউট হলে স্কোর ৬ উইকেটে হয়ে যায় ১১৮। শেষ দিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন কিছু গুরুত্বপূর্ণ শটে দলকে টেনে নিয়ে আসেন জয়ের পথে।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মানসিকতা বদলের কথা বলেছেন সোহান, ‘আমরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে কখনও কখনও মানসিকতার কারণে ব্যর্থ হই। উইকেট একই ছিল, ইমন আর তানজিদ ভালো শুরু দিয়েছিল। কিন্তু হয়তো আমাদের ভেতরে সন্দেহ তৈরি হয়েছিল, কারণ রশিদ আর নূর আহমেদ দুজনেই বিশ্বমানের স্পিনার। আমার মনে হয় স্কিলের চেয়ে এখানে মানসিকভাবে উন্নতি করা প্রয়োজন বেশি।’

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হারের পর সোহানও সমালোচনার মুখে ছিলেন। এবার সেই প্রসঙ্গও টানলেন তিনি, ‘এশিয়া কাপে আমাদের ভালো সুযোগ ছিল, যেটা হাতছাড়া করেছি। ওই জায়গা থেকে আমরা সবসময় ভাবি, কীভাবে ভুলগুলো কমানো যায়। তবে একইসঙ্গে এটাও মনে করি, এশিয়া কাপের পর এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল, আর এই ম্যাচটা জেতা খুব জরুরি ছিল।’

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শুক্রবার আবার মাঠে নামছে দুই দল। জয় পেলে সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews