যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। সে অনুযায়ী দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এই চুক্তির আগে আলোচনার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি সিউলের প্রতিনিধিদলকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিতে তাঁর ভূমিকায় অভিনয়ও করেছেন তাঁরা।
ট্রাম্প কী করতে চাচ্ছেন বা যাচ্ছেন, সে সম্পর্কে আগেভাগে অনুমান করা কঠিন। এমন একজন নেতার সঙ্গে আলোচনা কীভাবে চালিয়ে নেওয়া যায়, সে সম্পর্কে পরামর্শও নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সদস্য হিসেবে থাকা মন্ত্রীরা। সে পরামর্শগুলো কী ছিল, তা বুধবার বাণিজ্য চুক্তি ঘোষণার পর সাংবাদিকদের জানিয়েছেন দেশটির শিল্পমন্ত্রী কিম জুং–কওয়ান।