নাহিদের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘নাহিদ ইসলাম যে দাবি করেছেন, সেটা ঠিক নয়। বললেই তো হবে না। জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি। তারেক রহমান সাহেবের সঙ্গে তাঁদের কথা হয়েছে কি না, সেটা আমরা জানি না।’
নাহিদ যে সাক্ষাৎকারের কথা তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সেই সাক্ষাৎকার গত ২৬ জুলাই প্রথম আলোতে প্রকাশিত হয়। তাতে মির্জা ফখরুল বলেছিলেন, ‘(বৈষম্যবিরোধী) ছাত্রনেতাদের সঙ্গে ওই ৫ আগস্টের পর, জাস্ট ওই দিনই বা তার পরের দিন আমাদের কোনো দেখাই হয়নি। জাতীয় সরকার তৈরি করার প্রস্তাবটা ছাত্রদের কাছ থেকে আসেনি, অন্য মহল থেকে আসতে পারে। কিন্তু ছাত্রদের কাছ থেকে এই প্রস্তাব আসেনি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন রাতে এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’-এর মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন। এটাকেই নাহিদ প্রেস ব্রিফিং বলে উল্লেখ করেছেন।