সাকিব আল হাসান নেই অনেকদিন। আর মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহর বিদায়ের পর মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা বেড়েছে আরো। যার ঘাটতি মেটেনি এখনো, তাওহীদ হৃদয় ছাড়া বলার মতো নেই আর কেউ।

তবে তাওহীদ হৃদয়েরও সময়টা ভালো যাচ্ছে না। গত ১৮ ম্যাচের কেবল একটিতে পেয়েছেন ফিফটির দেখা। এশিয়া কাপে দলকে বেশ ভুগিয়েছে তার ব্যর্থতা। তবে আফগানিস্তান সিরিজে তাকেও পাচ্ছে না দল।

প্রথম ম্যাচেও ছিলেন না একাদশে। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ডানহাতি এ ব্যাটারের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। জানা গেছে, জ্বরে ভুগছেন হৃদয়। ফলে তাকে ছাড়াই খেলতে হতে পারে টাইগারদের।

আজ (শুক্রবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে জাকের আলীর দল। শারজাহতে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে সিরিজ।

তাওহীদ হৃদয়কে এই ম্যাচে পাওয়া প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে বুঝতে হবে, জ্বর কেটে গেলেও আপনার দুর্বলতা থাকতে পারে। যদি তেমনটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।’

হৃদয় না থাকলে একাদশে পরিবর্তন আনার নেই তেমন কোনো সম্ভাবনা। আগের ম্যাচে যারা খেলেছেন, তারাই আসবেন একাদশে। তবে তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হতে পারে বলেও এক সূত্রে জানা গেছে।

যদি তাসকিনকে বিশ্রাম দেয়া হয় তবে একাদশে আসতে পারেন শরিফুল ইসলাম বা সাইফুদ্দিন।

সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (উইকেটকিপার/অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews