মহাকাশে অসংখ্য গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে। তবে তাদের মধ্যেই কিছু গ্রহাণু আছে, যেগুলো বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি গ্রহাণু আবিষ্কার করেছেন, যা নিজের চারদিকে ঘোরে অবিশ্বাস্য গতিতে। এই আবিষ্কার মহাকাশের পাথর বা গ্রহাণু সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।
বিজ্ঞানীদের দেওয়া তথ্যমতে, গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ‘২০২৫ এমএন৪৫’। এটি আকারে বেশ বড় হলেও ঘূর্ণনের গতি অত্যন্ত বেশি। গ্রহাণুটি প্রায় প্রতি দুই মিনিটে একবার নিজের চারদিকে পুরো একবার ঘুরে আসে। এত বড় আকারের কোনো গ্রহাণুর ক্ষেত্রে এমন দ্রুত ঘূর্ণন আগে কখনো দেখা যায়নি।
গ্রহাণুটির প্রস্থ প্রায় ২ হাজার ৩০০ ফুট। দৈর্ঘ্যের দিক থেকে এটি প্রায় আটটি আমেরিকান ফুটবল মাঠের সমান। সাধারণত এত বড় গ্রহাণু এত দ্রুত ঘুরলে ভেঙে যাওয়ার কথা। কিন্তু এই গ্রহাণু এখনো অক্ষত আছে। এতে বোঝা যায়, কিছু গ্রহাণু ভেতরে ভেতরে খুব শক্ত বা বিশেষ গঠনের হতে পারে।
এই দ্রুতগতির গ্রহাণুটি একা নয়। বিজ্ঞানীরা গত বছর প্রায় ১ হাজার ৯০০টি গ্রহাণু পর্যবেক্ষণ করে ১৯টি এমন গ্রহাণু শনাক্ত করেছেন, যেগুলো খুব দ্রুত বা অত্যন্ত দ্রুত ঘূর্ণনশীল। এসব গ্রহাণুর দৈর্ঘ্য একটি আমেরিকান ফুটবল মাঠের চেয়েও বড়, অর্থাৎ প্রায় ২৯৫ ফুটের বেশি।
এই গবেষণা বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে গ্রহাণুর ভেতরের গঠন, শক্তি এবং আচরণ সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কোনো গ্রহাণু পৃথিবীর দিকে এলে তা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, সেটি বুঝতেও এই গবেষণা কাজে আসবে। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশের এই রহস্যময় পাথরগুলো এখনও অনেক অজানা তথ্য লুকিয়ে রেখেছে
বিডিপ্রতিদিন/কবিরুল