দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গত আট দিনে যৌথ অভিযানে ৬৯ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

শুক্রবার (৩ অক্টোবর) আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালায়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী, শিশু পাচারকারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ৩টি ককটেল, ২৭ রাউন্ড গুলি, দেশীয় ও বিদেশি ধারালো অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইলফোন, বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূজা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা

আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামসহ দেশের ৬২ জেলায় সেনাবাহিনী টহল পরিচালনা করছে। প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ও মন্দিরে পূজা অর্চনার প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করছে সেনাবাহিনী। এছাড়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সরাসরি ভূমিকা রাখছে তারা।

অভিযান অব্যাহত থাকবে

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। একইসঙ্গে সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সাধারণ মানুষকে নিকটস্থ সেনাক্যাম্পে তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews