৭ July ২০২৬ Tuesday ৯:০৭:৪৯ PM Print this E-mail this

বরিশালে আব্দুল আজিজ নির্যাতন মামলা: লিটু-আবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নগর প্রতিনিধি:

বরিশালে অগ্রণী হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল আজিজকে নির্যাতন করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক নুরুন নাজনীন রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক শম্ভু নাথ সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান দুই আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ জুন নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে আব্দুল আজিজকে নির্যাতন করা হয়। এ সময় তার স্পর্শকাতর স্থানে চাপ প্রয়োগ করে জোরপূর্বক একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার সিসিটিভি ফুটেজ গত ৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ৫ জুলাই আব্দুল আজিজ আদালতে সাতজনের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করেন।

মামলার পরদিনই ঘটনার অন্যতম অভিযুক্ত অগ্রণী হাউজিংয়ের পরিচালক ও যুবদল কর্মী মোস্তাফিজুর রহমান লিটু এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ বরিশাল মহানগরের দপ্তর সম্পাদক ও জিয়া মঞ্চ বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews