নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) দুপুরে আসামিদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার তারাবো পৌরসভার তেতলাবো এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন, তারাবো পৌরসভার তেতলাবো এলাকার মোস্তফার ছেলে সুলতান, গোলজারের ছেলে নয়ন এবং সাইদুল ইসলামের ছেলে রাজ রায়হান রাব্বি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তারাবো পৌরসভার তেতলাব এলাকায় মাদককারবারি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। শনিবার রাতে সেখানে মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। পরে মাদক চক্রের মূল আস্তানা ঘেরাও করে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এলাকার মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।