চীন এবার স্থাপত্য জগতে নতুন বিস্ময় দেখিয়েছে। দেশটির ব্যস্ত নগরী চংকিংয়ে নির্মিত হয়েছে বিশ্বের বৃহত্তম ও সর্বোচ্চ আনুভূমিক আকাশচুম্বী ভবন ‘দ্য ক্রিস্টাল’। ভূমি থেকে প্রায় ২৫০ মিটার উঁচুতে দাঁড়িয়ে থাকা এই বিশাল কাঠামোটি চারটি সুউচ্চ টাওয়ারের ওপর স্থাপন করা হয়েছে।
সাধারণত আকাশচুম্বী ভবন মানেই সোজা ওপরের দিকে উঠে যাওয়া উঁচু টাওয়ার। তবে চীনের এই প্রকল্প সেই ধারণাকেই বদলে দিয়েছে। প্রায় ৩০০ মিটার দীর্ঘ ‘দ্য ক্রিস্টাল’ মূলত একটি বিশাল স্কাইব্রিজ, যা কয়েকটি খাড়া ভবনকে একসঙ্গে যুক্ত করেছে। বর্তমানে এটিকে বিশ্বের সবচেয়ে বড় আনুভূমিক স্কাইস্ক্র্যাপার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চংকিং শহরের ইয়াংজি ও জিয়ালিং নদীর মিলনস্থলে গড়ে ওঠা এই প্রকল্পটি নির্মাণ করেছে এশিয়ার অন্যতম বড় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ক্যাপিটাল্যান্ড। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ১১০ কোটি মার্কিন ডলার।
এই ভবনের বাইরের অংশ তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ৩ হাজার কাচের প্যানেল এবং ৫ হাজার অ্যালুমিনিয়ামের অংশ। তবে প্রকৌশলীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিশাল কাঠামোটি শূন্যে স্থাপন করা। এজন্য ভবনের সাতটি বড় অংশ প্রথমে মাটিতে তৈরি করা হয়। পরে অত্যাধুনিক হাইড্রোলিক প্রযুক্তির মাধ্যমে সেগুলো ধাপে ধাপে ২৫০ মিটার ওপরে তুলে জোড়া লাগানো হয়।
প্রকল্পটির স্টিল কাঠামোর মোট ওজন প্রায় ১২ হাজার টন, যা বিখ্যাত আইফেল টাওয়ারের ওজনের কাছাকাছি। এই কারণেই ভবনটি নির্মাণকে আধুনিক প্রকৌশলের অন্যতম জটিল কাজ হিসেবে দেখা হচ্ছে।
দ্য ক্রিস্টাল শুধু স্থাপত্যের বিস্ময় নয়, এটি বিনোদন ও পর্যটনেরও বড় আকর্ষণ। এখানে রয়েছে ১ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের কাচের মেঝের ‘এক্সপ্লোরেশন ডেক’, যেখান থেকে পুরো চংকিং শহরের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়।
এ ছাড়া ভবনটিতে ছাদবাগান, রেস্তোরাঁ, বার, ব্যক্তিগত ক্লাব, অনুষ্ঠান আয়োজনের জায়গা এবং দুটি ৫০ মিটার দীর্ঘ ইনফিনিটি সুইমিং পুল রয়েছে। আধুনিক নকশা ও প্রকৌশল দক্ষতার কারণে দ্য ক্রিস্টাল ইতোমধ্যেই বিশ্বের অন্যতম আলোচিত স্থাপত্য প্রকল্পে পরিণত হয়েছে। তথ্যসূত্র : ওডিটি সেন্ট্রাল