ওভালে ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্টের প্রথম দিন বৃষ্টি আর স্বাগতিক বোলারদের দাপট। প্রায় এক সেশন বৃষ্টির পেটে গেছে। বাকি সময়ে গাস অ্যাটকিনসন ও জস টাংয়ের তোপে ভারতীয় ব্যাটারদের আসা-যাওয়া হয়েছে বিরতি দিয়ে। অলআউটের শঙ্কা ছাপিয়ে শেষ পর্যন্ত করুণ নায়ার ও ওয়াশিংটন সুন্দর দাঁড়িয়ে যান। তাতে প্রথম ইনিংসে স্বস্তি ফেরে। বৃহস্পতিবারের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২০২ রান।
ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক অলি পোপ টসে জিতে ফিল্ডিং নেন। তারপর ৩৮ রানের মধ্যে যশস্বী জয়সওয়ার (২) ও লোকেশ রাহুলকে (১৪) ফেরান গাস অ্যাটকিনসন ও ক্রিস ওকস।
বৃষ্টির কারণে লাঞ্চ আগেভাগেই হয়েছে। এই সময়ে সাই সুদর্শন ও শুবমান গিল ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন। আরেক দফা বৃষ্টি নামলে দ্বিতীয় সেশনে মাত্র ৬ ওভার খেলা হয়। সেখানে গিল (২১) সিঙ্গেল নিতে গিয়ে বোলার অ্যাটকিনসনের থ্রোতে ব্যাটিং প্রান্তে রান আউট হন। সুদর্শনের সঙ্গে তার জুটি ছিল ৪৫ রানের।
বৃষ্টিতে দীর্ঘ সময় অপেক্ষার পর তৃতীয় সেশনের খেলা শুরু হয়। করুণ একে একে সুদর্শন (৩৮), রবীন্দ্র জাদেজা (৯) ও ধ্রুব জুরেলকে (১৯) ফিরে যেতে দেখেন। এই সময়ে জুরেলের সঙ্গে তার ৩০ রানের জুটি ছিল। অন্য প্রান্তের ব্যাটারদের ব্যর্থতা দেখলেও হাল ছাড়েননি করুণ।
১৫৩ রানে ৬ উইকেট হারানোর পর করুণ উপযুক্ত সমর্থন পান সুন্দরের কাছ থেকে। আগের ইনিংসের সেঞ্চুরিয়ানের সঙ্গে তার জুটি পঞ্চাশ ছাড়িয়ে যায়। ৮৯ বলে পঞ্চাশও করেন এই ব্যাটার। দুজনের ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ হয়। ৫২ রানে করুণ ও ১৯ রানে সুন্দর অপরাজিত ছিলেন।
ইংল্যান্ডকে এদিন ধাক্কা দিয়েছে ওকসের ইনজুরি। ৫৬তম ওভারে ফিল্ডিংয়ের সময় চোট পান এই পেসার। কাঁধের চোটের শঙ্কা নিয়ে সোয়েটারে হাত ঝুলিয়ে মাঠ ছাড়েন।
অ্যাটকিনসন ও টাং দুটি করে উইকেট নেন।