রংপুরের গংগাচড়ার আলদাদপুরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে রংপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-গঙ্গাচড়ার বিচারক কৃষ্ণ কমল রায় এই আদেশ দেন।

রংপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এবং কোরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ইমেজ পোস্ট করার জেরে আলদাদপুর ছয় আনি বালাপাড়া হিন্দু পল্লীতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার পাঁচজনকে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

এর আগে বুধবার দুপুরে তাদেরকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন বৃহস্পতিবার। তাদের বিরুদ্ধে সাত দিনের করে রিমান্ডের আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার ওসি আল এমরান।

এর আগে মঙ্গলবার স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদি হয়ে ১ হাজার ২০০ জন অজ্ঞাতনামার নামে মামলা করেন।

গত শনিবার (২৬ জুলাই) ওই হিন্দু পল্লীর যুবক রঞ্জন রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম, কোরআন শরীফ ও মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ইমেজ পোস্ট করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনার জেরে পার্শ্ববর্তী উপজেলা থেকে কিছু বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে এসে ওই এলাকায় হামলা ও ভাংচুর চালায়। এতে ১২টি পরিবারের ২২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। পরে সেগুলো মেরামত করে দেয় উপজেলা প্রশাসন। কয়েকজন আতঙ্কে বাড়ি ছাড়লেও সবাই এখন নিজ বাড়িতে ফিরেছেন।

রংপুর পুলিশ সুপার আবু সাইম জানান, ‘হামলায় সরাসরি জড়িত ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের শনাক্ত করেছি। অভিযান অব্যাহত থাকবে। নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না। এই ঘটনার মাস্টারমাইন্ডকেও খুঁজছি আমরা।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews