মার্ক জাকারবার্গের মালিকানাধীন মেটা একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যার মাধ্যমে কাস্টমাইজড চ্যাটবট আগের কনভারসেশনের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ফলোআপ মেসেজ পাঠাতে সক্ষম হবে।
ডেটা লেবেলিং কোম্পানি অ্যালিগনারের নামানুসারে এই প্রশিক্ষণ প্রকল্পটির নাম ‘প্রজেক্ট ওমনি’। বিজনেস ইনসাইডারের প্রকাশিত নথির দাবি অনুযায়ী, এই প্রকল্পের লক্ষ্য ব্যবহারকারীদের জন্য নতুন মূল্য সংযোজন করা এবং তাদের ধরে রাখার হার উন্নত করা।
মেটা তাদের এআই স্টুডিও প্ল্যাটফর্মকে এমনভাবে প্রচার করছে, যেখানে ‘যে কেউ তার আগ্রহ অনুযায়ী একটি এআই চরিত্র তৈরি করতে পারবে।’ তারা ক্রিয়েটরদের এসব বটকে নিজেদের এআই রূপ হিসেবে কল্পনা করতে বলছে।
এই চ্যাটবটগুলোর চেহারা কাস্টমাইজ করা, কোন ধরনের কনটেন্টের ওপর বটটি প্রশিক্ষিত হবে তা বেছে নেওয়া এবং মেটার মালিকানাধীন কোন অ্যাপে এটি ব্যবহার করা হবে তা নির্ধারণ করা—এগুলো সবই সম্ভব হবে কারিগরি জ্ঞান ছাড়াই।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে অ্যালিগনারের ‘প্রজেক্ট ওমনি’ গাইডলাইনে একটি চলচ্চিত্রভিত্তিক এআই বটের উদাহরণ দেওয়া হয়েছে, যার নাম ‘দ্য মায়েস্ত্রো অফ মুভি ম্যাজিক’।
এটি ব্যবহারকারীর কাছে “আশাকরি আপনার দিনটা সুন্দর কেটেছে! আমি জানতে চাচ্ছিলাম, আপনি কি সম্প্রতি কোনো নতুন প্রিয় সাউন্ডট্র্যাক বা সংগীত পরিচালক খুঁজে পেয়েছেন? নাকি আপনি আপনার পরবর্তী মুভি নাইটের জন্য কিছু সাজেশন চান? আমাকে জানাবেন, আমি সাহায্য করতে পেরে খুশি হব”—এমন বার্তা পাঠাতে পারে।
বিজনেস ইনসাইডারের পর্যবেক্ষণ অনুযায়ী, ব্যবহারকারীদের চ্যাটবটগুলোর সঙ্গে সম্পৃক্ত রাখা মেটার জন্য ব্যবসায়িকভাবে লাভজনক। কারণ, দীর্ঘস্থায়ী সম্পৃক্ততা রেভিনিউ বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। এই বছর শুধু জেনারেটিভ এআই থেকেই মেটা দুইশো থেকে তিনশ কোটি ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে। ২০৩৫ সালের মধ্যে এই আয় বেড়ে ১৪ লাখ কোটি পর্যন্ত পৌঁছাতে পারে বলে কোম্পানিটি অনুমান করছে।
এ ধরনের অনুমান কেবল তখনই বাস্তবায়ন করা সম্ভব, যখন এর এআই টুলগুলো নিয়মিত ব্যবহার করা সম্ভব হবে। তাই মাঝে মাঝে চ্যাটবটগুলোর বন্ধুত্বপূর্ণ কিছু বার্তা পাঠানো মেটার পক্ষ থেকে স্বাভাবিক ও প্রয়োজনীয় কৌশল বলেই প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
এ মেসেজগুলো এখন পর্যন্ত টেস্ট ফিচার হিসেবেই রয়েছে। যদিও ব্যবহারকারী চাওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে মেসেজগুলো মনে রেখে নতুন মেসেজ দেওয়া কিছুটা ব্যবহারকারীর অনুমতির লঙ্ঘন বলে মনে হতে পারে। তবে বিজনেস ইনসাইডারকে মেটার এক মুখপাত্র জানিয়েছেন, “যদি ব্যবহারকারী প্রথমে কথোপকথন শুরু করেন, তবেই কেবল এআই একটি ফলোআপ মেসেজ পাঠাবে। ওই মেসেজের উত্তর না দিলে আর কোনো মেসেজ পাঠানো হবে না।
উত্তরগুলো অবশ্যই এআইয়ের ব্যক্তিত্ব ও আগের কথোপকথনের ধরন অনুযায়ী হতে হবে। বিতর্কিত বা সংবেদনশীল বিষয়ের দিকে যাওয়া যাবে না, যদি না ব্যবহারকারী নিজেই সেগুলো তুলেন। মেসেজগুলোতে সবসময় ইতিবাচক টোন বজায় রাখতে হবে।”
গত মাসে মেটা তার ব্যবহারকারীদের মেটা এআই-এর পাবলিক ফিডে অন্তরঙ্গ কোনো তথ্য শেয়ার না করার জন্য সতর্ক করেছে, কারণ অনেক ব্যবহারকারী অসাবধানতাবশত তা করছেন বলে জানা গেছে।