আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারা দেশে ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে এই ওসিদের নির্বাচন করা হয়। শিগগিরই তাঁদের পদায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হয়। সেই লটারির ভিত্তিতেই ওসিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।