মজার বিষয় হলো, গুঞ্জনের সময় নীরব থাকার কারণও এক সাক্ষাৎকারে নিজেই ব্যাখ্যা করেছিলেন বুবলী। নেতিবাচক মন্তব্য, সমালোচনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব কীভাবে সামলান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, এ ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় শিক্ষা এসেছে শাকিব খানের কাছ থেকে।
বুবলীর ভাষায়, ‘শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তাঁর কারণেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখা। সে কারণে অনেক কিছুই শেখা হয় তাঁর কাছ থেকে। উনি সব সময় বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে।’
বুবলী আরও বলেন, ‘অনেকে হয়তো হিংসা থেকে অনেক কিছু বলেন, হতাশা থেকে বলেন। অনেক সময় অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। সবকিছু এড়িয়ে চলতে হবে। সবকিছুর জবাব দিতে থাকলে কাজটা কখন হবে?’